সীমান্ত সড়কে টহলদারির সময় ৭০ বোতল এসকাফ ও ১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ৭০ হাজার টাকা
সোনামুড়া, ৪ অক্টোবর: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। শ্রীমন্তপুর, তারাপুকুর, ইউএনসি নগর সীমান্ত সড়ক এলাকায় টহলদারির সময় পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল এসকাফ সিরাপ ও ১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, টহলদারি চলাকালীন সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা এসব সামগ্রী নজরে আসে পুলিশের। পরে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে মালিকবিহীন হিসেবে সেগুলো জব্দ করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৯ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানা গেছে।
এই ঘটনায় সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এসব নেশা সামগ্রীর মালিক কে বা কারা, তা খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।