ভোট গণনার আগের রাতে উদয়পুরের ধজ্জ্বনগরে এক ভয়াবহ দুর্ঘটনা এবং তৎপরবর্তী চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধজ্জ্বনগরে একটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত ইকো গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি এয়ারগান এবং একটি ধারালো তলোয়ার। এই ঘটনার সঙ্গে জরিত সন্দেহে মদ্যপ অবস্থায় থাকা দুই যুবককে আটক করেছে স্থানীয় উত্তেজিত জনতা, এমনকি তাদের গণধোলাইয়ের শিকার হতে হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর এই ঘটনার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পুলিশ অস্ত্রগুলির আসল উৎস এবং দুই যুবকের উদ্দেশ্য খতিয়ে দেখতে ব্যাপক তদন্ত শুরু করেছে।