
হলদি নদীতে ট্রায়াল রান শুরু করল 'ওয়াটার মেট্রো'
Bengal icon news হলদিয়া:হলদি নদীতে চলাচলের জন্য ট্রায়াল রান শুরু করল পরিবেশবান্ধব 'ওয়াটার মেট্রো'। মঙ্গলবার দুপুরে হলদিয়ার টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দ্যামারি ফেরিঘাট পর্যন্ত প্রথম ট্রায়াল রান সম্পন্ন করল ব্যাটারিচালিত এই জলযান। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খুশি হাওয়া হলদিয়া, নন্দীগ্রাম জুড়ে। মেট্রো চলাচলের ফলে কম সময়ে এবং নিরাপদে যাতায়াত করতে পারবেন দ্রুত হলদির দুই তীরে হলদিয়া ও নন্দীগ্রামের বাসিন্দারা। ৫০ আসনের শীততাপ নিয়ন্ত্রিত ব্যাটারিচালিত এই জলযান প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামী কনকলতা বড়ুয়ার নামাঙ্কিত 'এমভি কনকলতা বড়ুয়া ওয়াটার মেট্রো' সরবরাহ করেছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমে একটি ওয়াটার মেট্রো চলবে। আগামীদিনে যাত্রী চাহিদা অনুযায়ী সংখ্যাটা বাড়তে পারে। হলদিয়ার মহকুমাশাসক সুরভি সিংলা বলেন, 'রাজ্য পরিবহণ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী মেট্রোর স্বাস্থ্য পরীক্ষার জন্য হলদিয়া থেকে রওনা দিয়ে নন্দীগ্রামে কেন্দ্যামারি ফেরিঘাটে পৌঁচ্ছেছে।' সূত্রের খবর, পুজোয় আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিততিতে 'ওয়াটার মেট্রো' পরিষেবা চালু হবে।