কাঞ্চনপুরে শান্তিপূর্ণভাবে চলছে ভিলেজ কাউন্সিল নির্বাচন, দুপুর পর্যন্ত ভোট ৪৫%***
কাঞ্চনপুর প্রতিনিধি: আজ সকাল ৭টা থেকে কাঞ্চনপুর মহকুমায় শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন-২০২৬-এর ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন ভিলেজের ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তাঁরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।কাঞ্চনপুর মহকুমার লালজুরী, দশদা ও জম্পুই—এই তিনটি ব্লকের মোট ৪০টি ভিলেজে ৩২৩টি আসনের মধ্যে ৩১১টি আসনে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত গোটা মহকুমায় নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অবাধভাবে চলছে বলে জানা গেছে।এদিকে, দশদা আর ডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার অমপুইয়া ডালং জানান, দশদা ব্লকের অধীনে রয়েছে মোট ২০টি ভিলেজ কাউন্সিল এবং মোট আসন ১৬২টি। এর মধ্যে ১৫৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭৭ জন প্রার্থী। দুপুর পর্যন্ত দশদা ব্লকে ভোটদানের হার প্রায় ৪৫ শতাংশ বলে জানান তিনি।