সুশান্ত সরকার মালদাঃ মালদহ টাউন হলে স্বাধীনতা দিবসের দিন দুপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি আধিকারিকদের হাতে ‘কর্মরত্ন’ পুরস্কার তুলে দেওয়া হল। মেডেল ও শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয় ভালো কাজের জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিংহ কাপুর এবং অতিরিক্ত জেলাশাসকরা। জেলার বিভিন্ন দফতরের আধিকারিকদের কাজের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ।
এবারের কর্মরত্ন পেলেন হবিবপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক স্বপন তরফদার। হবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে তার কাঁটা বেড়া বসানো নিয়ে জমি সংক্রান্ত জটিলতা ছিল। সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের কাছেও তা ছিল বড় চ্যালেঞ্জ। স্বপনবাবুর উদ্যোগে দফতরগুলির মধ্যে সমন্বয় করে জট কাটানো সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত ৯০ শতাংশ জমি হস্তান্তরের কাজ শেষ হয়েছে। ফলে সীমান্তে নিরাপত্তা সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়েছে।
পুরস্কার পেয়ে স্বপন তরফদার বলেন, তিনি খুবই খুশি। এই স্বীকৃতি তাঁকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে। জেলাশাসক জানান, যাঁরা মানুষের কাজে নিজেদের নিবেদিত করেছেন, তাঁদের সম্মান জানাতেই কর্মরত্নের ব্যবস্থা।
English Bazar, Maldah | Aug 16, 2026