৮০তম স্বাধীনতা দিবসে বেহালার ঋতম বিদ্যাপীঠে বর্ণাঢ্য অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা, বেহালা:
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বেহালার বীরেন রায় রোডে অবস্থিত ঋতম বিদ্যাপীঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বিদ্যালয়ের ছাত্রী ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হয়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি দেশের প্রতি দায়িত্ব, দেশপ্রেম ও ঐক্যের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। তাদের পরিবেশনায় স্বাধীনতার চেতনা ও দেশের প্রতি ভালোবাসার বার্তা ফুটে ওঠে। পুরো বিদ্যালয় চত্বর এদিন জাতীয় পতাকা ও দেশাত্মবোধক আবহে সেজে ওঠে।
বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই ধরনের অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।