গদাই কর্মকার মালদাঃ ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে পালন করা হল বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৯তম আত্মবলিদান দিবস। মঙ্গলবার বিকেলে ইংরেজবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতায় কালিতলা এলাকার ক্ষুদিরাম শিশু উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন উদ্যানে থাকা বিপ্লবী ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস ফেডারেশনের সম্পাদক দেবব্রত সাহা-সহ অন্যান্য পুর আধিকারিকরা।
মূর্তিতে মাল্যদানের পর স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন জনপ্রিয় দেশাত্মবোধক গান, ‘একবার বিদায় দে মা, ঘুরে আসি’। অনুষ্ঠানে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।
পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, প্রতি বছর পৌরসভার পক্ষ থেকে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম ও আত্মবলিদান দিবস পালন করা হয়।