
নদিয়ার তাহেরপুরে দেশের ৮০ তম স্বাধীনতা দিবসের রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা এবং ডঃ বি আর আম্বেদকরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে তাহেরপুর থানার অন্তর্গত মহিষডাঙা এলাকায়, যা মূলত একটি আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এলাকায় ঢুকে আম্বেদকরের মূর্তি থেকে চশমা খুলে নেয় এবং বিরসা মুণ্ডার তির-ধনুক ভেঙে ফেলে।গত বছর করম পুজোর সময় স্থানীয়দের উদ্যোগে এই মূর্তি দুটি বসানো হয়েছিল। স্বাধীনতা দিবসের উৎসব শেষে রাতে এলাকা ফাঁকা হয়ে যাওয়ার সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটানো হয়। সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তাহেরপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় শান্তি বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জেলার সুপার জানিয়েছেন যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।স্থানীয়দের ক্ষোভের মাঝেই রবিবার (১৬ অগস্ট) মূর্তি দুটিকে পুনরায় ঠিক করা হয়েছে। আদিবাসী সমাজে অশান্তি তৈরি ও ঐক্য ভাঙার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।