
*লটারির টিকিটের বৈধতা নিয়ে প্রশ্ন, হুটমুড়া বাজারে পুলিশের অভিযানে নগদ-সহ ২৫২ টিকিট উদ্ধার*
Bengal icon news , পিউ নন্দী : লটারির টিকিট বিক্রির ক্ষেত্রে বৈধ নথি দেখাতে না পারার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হুটমুড়া বাজারে দুটি লটারি দোকানে অভিযান চালিয়ে ২৫২টি সন্দেহভাজন জাল বা অনুমোদনহীন টিকিট উদ্ধার করল পুলিশ। একইসঙ্গে বিক্রির ৩,৬৭০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
২২ সেপ্টেম্বর পুরুলিয়ার মফঃস্বল থানার অন্তর্গত হুরা রোডের হুটমুড়া বাজারে এই অভিযান চালানো হয়। ডিএসপি (ডিইবি)-র নেতৃত্বে পুলিশের একটি দল দুটি লটারি দোকানে তল্লাশি চালায়। অভিযানে হুটমুড়ার বাসিন্দা গোপী নাথ চৌধুরী এবং ধানবাদের গোপালপুরের বাসিন্দা নবীন গোরাইকে আটক করা হয়।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টিকিটগুলিতে ‘Lucky Coupon’ লেখা রয়েছে। তবে টিকিটগুলির উৎস ও বৈধতার পক্ষে প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি ধৃতরা। সেই কারণেই টিকিটগুলিকে সন্দেহভাজন জাল বা অনুমোদনহীন হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার পর পুরুলিয়ার মফঃস্বল থানায় নির্দিষ্ট মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার হওয়া টিকিট কোথা থেকে এল, সেগুলি কীভাবে বিক্রি করা হচ্ছিল এবং এই কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।