
শেফালির বিশ্বরেকর্ড, এশিয়ান গেমসের ফাইনালে নজির গড়লেন ভারতীয় ওপেনার
Bengal icon news এশিয়ান গেমসে বিশ্বরেকর্ড করলেন শেফালি বর্মা। সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন শতরান। আর ফাইনালে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার।টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই নিজেদের মানসিকতা স্পষ্ট করে দেয় ভারত। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ব্যাটিং শুরু করেন দুই ওপেনার শেফালি ও স্মৃতি। দু’জনেই একের পর এক বড় শট মারছিলেন।বাউন্ডারি ছোট হওয়ায় খানিকটা সুবিধাই হয় ভারতীয় ব্যাটারদের। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬৭ রান করে ভারত। সেখানেই ভিত তৈরি হয়ে যায়। আগের ম্যাচের শতরান করেছিলেন শেফালি। এই ম্যাচে ভাল দেখালেও বেশি ক্ষণ ক্রিজ়ে থাকতে পারেননি। ২৯ বলে ৪৮ রান করে চামুদি প্রবোদার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন তিনি। তিনটি চার ও তিনটি ছক্কা মারেন ভারতীয় ওপেনার।এই ইনিংসের পর টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করেছেন শেফালি। এক বছরে ছোট ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। সাউথ আফ্রিকার উলভার্টকে টপকে সবচেয়ে বেশি রান করতে মাত্র ১০ রান দরকার ছিল শেফালির। সেখানে ৪৮ রান করেছেন তিনি।চলতি বছর ২৪ টি-টোয়েন্টি ম্যাচে ৮৬৩ রান করেছেন শেফালি। ৩৯.২২ গড় ও ১৬২.৮৩ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। একটি শতরান ও সাতটি অর্ধশতরান করেছেন। সর্বাধিক অপরাজিত ১০০। সতীর্থ স্মৃতি রয়েছেন ছ’নম্বরে। চলতি বছর ২২ ম্যাচে ৭৬৫ রান করেছেন তিনি। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান করেছেন এই বাঁহাতি ব্যাটার।
শেফালি আউট হলেও রান তোলার গতি কমতে দেননি স্মৃতি। ভাল দেখাচ্ছিল তাঁকে। অধিনায়ক হরমনপ্রীত কৌর অবশ্য এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ। ১৭ বলে ১৯ রান করেন তিনি। ৪৫ বলে ৭৯ রান করে আউট হন স্মৃতি। পাঁচটি চার ও সাতটি ছক্কা মারেন তিনি।স্মৃতি আউট হওয়ার পর মনে হচ্ছিল, ২০০ রান হবে না। কিন্তু তখনও ক্রিজ়ে ছিলেন রিচা। তিনি আরও এক বার দেখালেন, কেন মহিলাদের বিশ্বক্রিকেটে অন্যতম সেরা ফিনিশার ধরা হয় তাঁকে। মাত্র ২২ বলে ৪৯ রানের ইনিংস খেললেন। ছ’টি চার ও তিনটি ছক্কা মারলেন বাংলার ব্যাটার। তাঁর ব্যাটে ভর করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রানে পৌঁছোয় ভারত।