সাগরদিঘির মোরগ্রামে সাড়ম্বরে শ্রী খাটু শ্যাম মন্দিরের শুভ সূচনা ও নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা।
মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের মোরগ্রামে অত্যন্ত সাড়ম্বরে ও আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হলো শ্রী খাটু শ্যাম মন্দির নির্মাণের শুভ সূচনা এবং পবিত্র নর্মদেশ্বর শিবলিঙ্গের শুভ প্রাণপ্রতিষ্ঠা ও উদ্বোধন অনুষ্ঠান। পবিত্র শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে মোরগ্রাম বাসিন্দাদের উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পুণ্যলগ্নে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য নগর পরিক্রমা ও জল ভরার গ্রাম পরিক্রমা আয়োজন করা হয়, যেখানে এলাকার শয়ে শয়ে ভক্ত এবং সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে, মূল মঞ্চে শত কণ্ঠে গীতা পাঠের পাশাপাশি নর-নারায়ণ সেবা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এই পবিত্র নর্মদেশ্বর শিবলিঙ্গের শুভ উদ্বোধন করবেন সম্মানীয় কার্তিক মহারাজ। এলাকার মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ব্যাপক উপস্থিতিতে সমগ্র মোরগ্রাম এলাকা এক আধ্যাত্মিক ও আনন্দমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।