বিডিও অফিসের পরিত্যক্ত নির্মাণ ভাঙতেই মাটির তলা থেকে মিলল শিকলবাঁধা সিন্দুক, গুপ্তধনের আশায় রাতভর তল্লাশি
নদিয়া: পরিত্যক্ত নির্মাণ ভাঙার কাজ চলছিল। হঠাৎ মাটির তলা থেকে উঠে এল লোহার মোটা শিকলে বাঁধা সাবেকি একটি সিন্দুক। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল গুপ্তধনের গুজব। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়।
ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও দপ্তরের পরিত্যক্ত নির্মাণ ভাঙার সময় মাটির নীচে সিন্দুকটির সন্ধান মেলে। দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে থাকা সিন্দুকটি মোটা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল বলে জানা যায়। সিন্দুকটি উদ্ধার হতেই সেটির ভিতরে কী রয়েছে, তা নিয়ে শুরু হয় জোর জল্পনা।
স্থানীয়দের একাংশের ধারণা ছিল, সিন্দুকটির ভিতরে থাকতে পারে বহু পুরনো মুদ্রা, মূল্যবান ধাতু কিংবা কোনও দুর্লভ ঐতিহাসিক সামগ্রী। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই সিন্দুকের ভিতরের সামগ্রী দেখার জন্য অপেক্ষা করতে থাকেন।
রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় সিন্দুক খোলার চেষ্টা। সাধারণভাবে খোলা সম্ভব না হওয়ায় বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে সেটি কাটার ব্যবস্থা করা হয়। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে সিন্দুক কাটার কাজ। শেষ পর্যন্ত সিন্দুকের একাংশ কেটে ফেলা সম্ভব হয়।
কিন্তু সিন্দুক খুলতেই সমস্ত জল্পনার অবসান। ভিতরে গুপ্তধন তো দূরের কথা, কার্যত কিছুই পাওয়া যায়নি। সম্পূর্ণ ফাঁকা অবস্থায় উদ্ধার হয় বহু পুরনো বলে মনে হওয়া সিন্দুকটি।
গুপ্তধন উদ্ধারের আশায় যারা ঘটনাস্থলে ভিড় করেছিলেন, তাঁদের শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয়। তবে মাটির নীচে এমন প্রাচীন সিন্দুক কীভাবে এল, কত বছর আগে সেটি সেখানে রাখা হয়েছিল এবং এর কোনও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কি না, তা নিয়ে কৌতূহল থেকেই গিয়েছে।
ঘটনাকে ঘিরে বিডিও দপ্তরের কর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিন্দুকটি আসলে কত বছরের পুরনো এবং অতীতে এটি কী কাজে ব্যবহার করা হত, তা খতিয়ে দেখা হলে রহস্যের কিনারা হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
Kolkata, Kolkata | Aug 17, 2026