বক্রেশ্বরে জনজোয়ার, রাত থেকেই দীর্ঘ লাইন
#birbhum #Bakeswar #shivpuja
বীরভূম: শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ভক্তদের ঢলে একেবারে জমজমাট বীরভূমের ঐতিহ্যবাহী বক্রেশ্বর শিবক্ষেত্র। বাবা বক্রনাথের মাথায় পবিত্র জল ঢেলে পুজো দেওয়ার উদ্দেশ্যে রাত থেকেই দূরদূরান্ত থেকে অসংখ্য শিবভক্ত এসে ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের ভিড়। ভোরের আলো ফোটার আগেই মন্দিরের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ে। হাতে জল ও পুজোর সামগ্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বাবা বক্রনাথের দর্শন এবং জলাভিষেকের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন পুণ্যার্থীরা।
শ্রাবণের শেষ সোমবার হওয়ায় এদিন বক্রেশ্বরে ভক্তসমাগম অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। মন্দির চত্বর থেকে আশপাশের এলাকাজুড়ে দেখা যায় উৎসবের আবহ। ভক্তদের কণ্ঠে 'বোল বাম' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা শিবক্ষেত্র।
বিপুল ভিড়ের কথা মাথায় রেখে পুণ্যার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মন্দির ও সংলগ্ন এলাকায় পুলিশকর্মীদের মোতায়েন রাখা হয়েছে এবং ভক্তদের সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশ ও জলাভিষেক করানোর দিকে নজর রাখা হচ্ছে।
শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের টানে বক্রেশ্বরে মানুষের এই ঢল কার্যত পরিণত হয়েছে জনসমুদ্রে। ভক্তি, আস্থা আর পুণ্যার্থীদের সমাগমে সকাল থেকেই অন্যরকম আবহ তৈরি হয়েছে বীরভূমের বক্রেশ্বর শিবক্ষেত্রে।