Public App Logo
বাড়ি থেকে নিজের বইপত্র নিয়ে ভোর ছ’টা থেকে জেলা লাইব্রেরির নিরিবিলি আবহে রাত বারোটা অবধি নিশ্চিন্তে পড়াশোনার সুযোগ পড়ুয়াদের। তাও আবার পুলিশি নিরাপত্তায়। ইচ্ছামতো পড়াশোনার নির্দিষ্ট পাঠকক্ষ। বাড়ি থেকে আনা বইয়ের পর প্রয়োজনে নিখরচায় লাইব্রেরির বইও নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা সম্ভব। বাড়িতে পড়াশোনার অনুকুল পরিবেশ না থাকা ছেলেমেয়েদের জন্য কর্ণজোড়ায় অবস্থিত উত্তর দিনাজপুর রাষ্ট্রীয় জেলা গ্রন্থাগারে এমনই বিশেষ পরিষেবা চালু হয়েছে। আর তাতে রোজ সাড়াও মিলছে নজরকাড়া। ছুটির দিনগুলো-সহ সপ্তাহের প্রতিদিন উৎসাহী অনেকে ছাত্রছাত্রী সকাল সকাল ওই লাইব্রেরির একতলার নির্দিষ্ট পাঠকক্ষে বাড়ি থেকে নিজের বইপত্র নিয়ে দিব্যি পড়াশোনার সামিল হচ্ছেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের গবেষক পড়ুয়া সায়নী রায় বলেন, “লাইব্রেরির অফিস টাইম বেলা এগারো থেকে সন্ধা ছ’টা। কিন্তু সকাল ছ’টা-সাতটা থেকে নিশ্চিন্তে এখানে খুব নিরিবিলিতে পড়া প্রস্তুত করা যায়।” সংশ্লিষ্ট জেলা লাইব্রেরি কর্তৃপক্ষ সূত্রের দাবি, রোজ কমপক্ষে ৩০-৩৫জন ছাত্রছাত্রী নিজেদের বাড়ির লেখাপড়া এই লাইব্রেরি এসে করছেন। - Kolkata News